ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তাঁর একটি ভুয়া আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিনেত্রী। এবার নিজের জীবনের নানা ঝামেলা নিয়ে কথা বলেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পরীমনি। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জীবনে বারবার নানা সমস্যার মুখোমুখি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
প্রথম দিকে বিষয়টি এড়িয়ে গেলেও পরে প্রতিবাদ জানান পরীমনি। ফেসবুক লাইভে এসে এ নিয়ে কথা বলেন তিনি। তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করছেন অনেকে।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’
‘এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি’
এআই প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা বাড়তে থাকায় এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরীমনি। তাঁর মতে, এ ধরনের ঘটনা একজন নারীর জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’
তিনি আরও বলেন, ‘কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’
এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করে কাউকে হেয় করা বা হয়রানি করার বিরুদ্ধে পরীমনির এই অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁর অনুসারীরা।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও অভিনয় ও বিভিন্ন কর্মকাণ্ডে সরব রয়েছেন পরীমনি। সাম্প্রতিক এই ঘটনায় তাঁর বক্তব্য আবারও আলোচনায় এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!