তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা গেছে তাঁকে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছেন কাজল। খাওয়া শেষে শাড়িতেই হাত মুছে নেন তিনি। আর এই স্বাভাবিক মুহূর্তটিই ধরা পড়ে ভিডিওতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়েও তাঁর এমন সহজ-সরল আচরণ নজর কেড়েছে ভক্তদের।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম হলেও তাঁর বেড়ে ওঠা মুম্বাইয়ে। তবে দুর্গাপূজার সময় বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাঁর নিবিড় সংযোগ দেখা যায়। মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনেও থাকে বাঙালিয়ানার ছোঁয়া।
নবমীর সকালে কাজলের সাজেও ছিল সেই ঐতিহ্যের প্রতিফলন। নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে মণ্ডপে উপস্থিত হন তিনি। তবে তাঁর সাজের চেয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় এসেছে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মোছার মুহূর্তটি।
ভিডিওটি দেখে অনেকে কাজলকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার নিজেদের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে তাঁর আচরণের মিল খুঁজে পেয়েছেন। একজনের মন্তব্য, ‘এটা তো আমিও করি।’
তারকাদের চাকচিক্যময় জীবনের বাইরে এমন সাধারণ মুহূর্তই যে তাঁদের ভক্তদের আরও কাছে নিয়ে আসে, কাজলের এই ভিডিও ঘিরে আলোচনা যেন তারই উদাহরণ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!