বিনোদন

এএফআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

আপডেট: অক্টো ২২, ২০২৬ : ০৫:২৬ এএম ২ ০
এএফআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের অর্জনের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি সম্মাননা। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এই তারকা। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হবে এ সম্মাননা।

আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। চলচ্চিত্রজগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এএফআইয়ের এই আজীবন সম্মাননা।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। তাঁর যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।’

ক্যাথলিন কেনেডি আরও বলেন, সিনেমার প্রতি এই ভালোবাসাই টম ক্রুজকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাঁর হাতে তুলে দিতে পারা প্রতিষ্ঠানটির জন্য সম্মানের।

১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করেন টম ক্রুজ। চার দশকের বেশি সময় ধরে হলিউডে কাজ করছেন তিনি। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এই তারকা।

তাঁর অভিনীত সিনেমাগুলোর বিশ্বব্যাপী আয় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একাধিকবার অস্কারে মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক বিভাগে পুরস্কার জেতা হয়নি তাঁর। তবে গত বছর সম্মানসূচক অস্কারে ভূষিত হন টম ক্রুজ।

এবার এএফআইয়ের আজীবন সম্মাননা তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিতে নতুন মাত্রা যোগ করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!