আজ ২৬ অক্টোবর। ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।
নিজের জন্মদিনের প্রথম প্রহরে একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেছেন দীঘি। আর তাতে রীতিমতো তাজ্জব বনে গেছেন তার ভক্তরা। এদিন দীঘিকে দেখা গেছে নতুন এক গ্ল্যামারাস রূপে। সঙ্গে চোখে-মুখে ছিল আবেদনময়ী ভঙ্গি।
মোমবাতি ও ফুল নিয়ে যেন এক রাজকীয়, নান্দনিক আয়োজন! টেবিলজুড়ে জ্বালানো লম্বা সাদা মোমবাতি, মোমবাতির স্ট্যান্ডে ঝুলে থাকা মুক্তার মালা; এমন পরিবেশেই দেখা মিলল দীঘিকে। পরনে হালকা নীল রঙের স্টাইলিশ খোলা গাউন। চুলগুলো পরিপাটি করে খোপা করা, যার সাথে মানানসই মেকআপ; সঙ্গে হাতের ঘড়িটিও ছিল নজরকাড়া।
৩০ সেকেন্ডের সেই ভিডিওর বিভিন্ন ফ্রেমে দীঘিকে কখনো হাতে সূর্যমুখী ও গোলাপের বিশাল এক ফুলের তোড়া ধরে পোজ দিতে, কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে। ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে একটি বার্থডে স্পেশাল মিউজিকও। ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’
এমন আবহে দীঘির আত্মবিশ্বাসী ভঙ্গি ও আবেদনময়ী এক্সপ্রেশন নজর কেড়েছে সবার। তাই মন্তব্য ঘরে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এই অভিনেত্রী।
একটা সময়ের সেই মিষ্টি শিশুশিল্পী থেকে আজকের চিত্রনায়িকা হয়ে ওঠার যাত্রা দীঘির ভক্তদের কাছে অজানা নয়। তাই দীঘিকে এমন রূপে আবার দেখে পুরোনো স্মৃতি হাতড়ে নিলেন ভক্তরা। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি’। আরেকজন লিখেছেন, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!