বিনোদন

চুক্তিভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

আপডেট: নভে ০১, ২০২৬ : ০৬:০৮ এএম ৪ ০
চুক্তিভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তিভঙ্গের অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রতিষ্ঠানটির দাবি, আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির জন্য ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ।

চুক্তি অনুযায়ী, একই সময়ে মুক্তি পাবে—এমন অন্য কোনো সিনেমায় অভিনয় করতে পারবেন না তিনি। কিন্তু পরে আরও দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা।

গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠান।

প্রযোজনা প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘ঠিকানা’ সিনেমায় অভিনয়ের জন্য রাজ অগ্রিম অর্থ নিয়েছেন। চুক্তির শর্ত ছিল, আগামী ঈদুল আজহায় তাঁর অভিনীত অন্য কোনো সিনেমা মুক্তি পাবে না। কিন্তু পরে তিনি ‘কানাভুলা প্যারাডক্স’সহ আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন। এসব ছবিও ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

আইনি নোটিশে নির্ধারিত শুটিং শিডিউল নিশ্চিত করার কথা বলা হয়েছে। তা না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

আগেও পাঠানো হয়েছিল নোটিশ

রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে এর আগে গত ২ সেপ্টেম্বর রাজকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। তখন রাজ ও তাঁর ম্যানেজার বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অভিনেতা শুটিংয়ের শিডিউল দেননি বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।

প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরীন আক্তার সুমি বলেন, ‘শরিফুল রাজের সঙ্গে চুক্তিই ছিল, ঈদুল আজহায় মুক্তি পাবে, এমন কোনো সিনেমায় তিনি আর যুক্ত হতে পারবেন না। তিন মাস সময় নিয়ে জেনে-বুঝে চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য তাঁকে এক-চতুর্থাংশ সাইনিং মানিও দেওয়া হয়েছে। এরপর দেখলাম, তানিম নূরের একটি সিনেমায় কাজ করছেন, সেটিও ঈদে মুক্তি পাবে। গত পরশু শুনলাম, তিনি আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এক ঈদে যদি একজন নায়কের তিনটি সিনেমা মুক্তি পায়, তাহলে আমার সিনেমা তো ক্ষতির মুখে পড়বে।’

রাজকে মাথায় রেখেই তৈরি হয়েছে ‘ঠিকানা’র গল্প

শাহরীন আক্তার সুমি জানান, ‘ঠিকানা’ সিনেমার গল্প শরিফুল রাজকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তাঁকে ছাড়া অন্য কাউকে নিয়ে কাজ করার কথা ভাবেননি নির্মাতারা। সিনেমাটির প্রস্তুতি ও অন্যান্য কাজে ইতিমধ্যে প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু রাজ শুটিংয়ের শিডিউল না দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।

প্রযোজকের ভাষ্য, এক ঈদে রাজের একাধিক সিনেমা মুক্তি পেলে ‘ঠিকানা’ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এ কারণেই শেষ পর্যন্ত আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে শরিফুল রাজের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!