বিনোদন

প্রেম গোপনেই সুন্দর, বিয়ের সময় সবাইকে জানাব: কেয়া পায়েল

আপডেট: নভে ০৩, ২০২৬ : ০৫:১৪ এএম ৯ ০
প্রেম গোপনেই সুন্দর, বিয়ের সময় সবাইকে জানাব: কেয়া পায়েল

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রেম, সম্পর্ক কিংবা বিয়ের খবর জানতে কৌতূহলী থাকেন অনেকে। এবার নিজের প্রেম ও বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর মতে, প্রেমের সৌন্দর্য গোপন রাখার মধ্যেই।

সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় কেয়া পায়েলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায় তাঁকে। একপর্যায়ে ওই যুবককে যত্ন করে খাইয়েও দেন অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ওই যুবকের সঙ্গে কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ এতে গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ওই যুবকের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি অভিনেত্রী। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না। বিয়ের সিদ্ধান্ত নিলে সবাইকে জানাবেন।

কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি। যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

অর্থাৎ, প্রেমের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না কেয়া পায়েল। তবে বিয়ের সিদ্ধান্ত নিলে তা গোপন রাখবেন না বলেই জানিয়েছেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!