বক্স অফিসে কোনো সিনেমা বড় সাফল্য পেলে সাধারণত নতুন কাজের প্রস্তাবে ভেসে যান সংশ্লিষ্ট তারকারা। বাড়ে পারিশ্রমিকের অঙ্কও। তবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রে ঘটেছে কিছুটা ভিন্ন। ‘স্ত্রী ২’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর একের পর এক সিনেমার প্রস্তাব পেলেও পছন্দসই গল্প না পাওয়ায় কোনো কাজেই চুক্তিবদ্ধ হননি তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন শ্রদ্ধা। এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তাঁর পরামর্শ জানতে চাইলে নিজের জীবনের উদাহরণ তুলে ধরেন অভিনেত্রী।
শ্রদ্ধা জানান, ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর তাঁকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেসব প্রস্তাবের সঙ্গে ছিল আকর্ষণীয় পারিশ্রমিকের আশ্বাসও। কিন্তু অর্থ কিংবা কাজের সুযোগের চেয়ে নিজের পছন্দের গল্পকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছিলেন, মনের মতো গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না।
ইনস্টাগ্রামে শ্রদ্ধা বলেন, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব, ‘স্ত্রী ২’-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’
অপেক্ষার সময়টা সহজ ছিল না বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার সুফল এখন অনুভব করছেন তিনি। শ্রদ্ধার ভাষায়, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত।’
তরুণীদের উদ্দেশে শ্রদ্ধার পরামর্শ, ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নিজের মনের কথা শোনা জরুরি। কখনো কখনো সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হয়, পথটাও কঠিন হতে পারে। তবে ধৈর্য ধরে নিজের সিদ্ধান্তে অটল থাকলে শেষ পর্যন্ত সেই অপেক্ষা সার্থক হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!