বিনোদন

মধ্যরাতে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির, ফেসবুক লাইভে যা বললেন

আপডেট: নভে ০৯, ২০২৬ : ০৫:৫৮ এএম ৯ ০
মধ্যরাতে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির, ফেসবুক লাইভে যা বললেন

অভিনেত্রী পরীমনিকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছেই। এবার রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তার পাশাপাশি নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন পরীমনি। তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার সময় একদল মানুষের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন।

ব্যাকস্টেজে বসে করা ওই লাইভে পরীমনি বলেন, পরিস্থিতি সামাল দিতে তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল বলে দাবি করেন তিনি।

পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়োলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে।’

ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’

আগের বিরোধের প্রসঙ্গ

সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে তাঁর বিরোধ নিয়ে সমালোচনা হয়। এ ঘটনার পর সাংবাদিকদের একাংশ তাঁকে বয়কটের ডাকও দেন।

সাম্প্রতিক বিরোধের প্রসঙ্গ উল্লেখ করে পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফর্মেন্স করলাম, কেউ কিছু বলল না। এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের।’

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করে পরীমনি বলেন, ‘এজন্য আমি পারফর্মেন্স শেষ করে বের হয়ে যাওয়ার সময় আমার গাড়িতে আক্রমণ করল। এসব হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কে নেবে?’

তবে এ ঘটনায় পরীমনির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!