বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের নাকের অস্ত্রোপচারের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলার পাশাপাশি অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর ভূমিকা এবং সৌন্দর্যচর্চায় তাঁর প্রভাব নিয়েও স্মৃতিচারণ করেন তিনি।
২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তাঁর মা, অভিনেত্রী শ্রীদেবী। শুরুতে মেয়ের অভিনয়ে আসার সিদ্ধান্তে খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনয়জগতে আসুক। তবে পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।
সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন মাকে নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্তে প্রথমে অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে সম্মতি দিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’
অস্ত্রোপচার নিয়ে রসিকতা
মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে নিজের নাকের অস্ত্রোপচারের কথা বলেন জাহ্নবী। হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তাঁর মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’
জাহ্নবীর ভাষ্য, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গেও জড়িয়ে আছে। কারণ, তাঁর মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাঁদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল।
সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার পেছনেও মায়ের প্রভাব রয়েছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন জাহ্নবী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!