ঐতিহ্যবাহী সাজে আবারও ভক্তদের নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন ছবিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’ প্রকাশিত ছবিতে পূর্ণিমাকে দেখা গেছে কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে। শাড়ির জমিনে ছোট ছোট সোনালি নকশা এবং পাড়জুড়ে কারুকাজ তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
শাড়ির সঙ্গে মানানসই ভারী সোনালি গয়না পরেছেন তিনি। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা—সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছাপ। চুল পেছনে পরিপাটি করে বাঁধলেও সামনে কিছু চুল খোলা রেখেছেন অভিনেত্রী। কপালে ছোট টিপ, চোখের গাঢ় সাজ ও কমলা আভাযুক্ত লিপস্টিক তাঁর উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় পূর্ণিমাকে। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’
১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও পর্দায় উপস্থিতিও শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!