বিনোদন

‘সরি না বললে কি মেরে ফেলারও হুমকি দেবেন’, প্রশ্ন পরীমনির

আপডেট: নভে ১০, ২০২৬ : ০৫:৩৭ এএম ৯ ০
‘সরি না বললে কি মেরে ফেলারও হুমকি দেবেন’, প্রশ্ন পরীমনির

গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, মধ্যরাতে তাঁর গাড়িতেও হামলা হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

ভিডিও বার্তায় পরীমনি বলেন, একজন মানুষকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য কি তাঁর গলা চেপে ধরে হত্যার হুমকি দেওয়া হবে? তাঁর ভাষায়, ‘আপনি একজন মানুষকে দিয়ে সরি বলাবেন, কিংবা আশা করবেন, একজন মানুষ তার ভুলের জন্য আপনাকে সরি বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে সরি বলাবেন? ... একজন মানুষের গলা চেপে ধরে বলবেন, “তোকে মেরে ফেলব, যতক্ষণ না পর্যন্ত তুই সরি বলবি”? এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেবেন?’

নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে পরীমনি বলেন, তিনি গালিগালাজ করে থাকলে তা ভুল হয়েছে। এ জন্য ক্ষমা চাইতে তাঁর আপত্তি নেই। তবে একজন নারীকে অপমান বা হয়রানি করা হলে সে বিষয়ে কথা বলার অধিকারও তাঁর রয়েছে বলে মনে করেন তিনি।

পরীমনি বলেন, ‘আমি গালি দিয়েছি, সেটা ভুল হয়েছে। আচ্ছা, এ জন্য যদি আমি সরি বলি, তাহলে আমাকে এমন কথাও বলতে হবে যে, “তোমাকে এখানে ধরুক, সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এ নিয়ে কথা বলতে পারবে না। তোমাকে সরি বলতে হবে।”’

কাজে বাধা ও বয়কটের প্রচারণার অভিযোগ

ভিডিও বার্তায় পরীমনি অভিযোগ করেন, তাঁকে অপদস্থ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমা চাননি। উল্টো তাঁর কাজ নষ্ট করার চেষ্টা করছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের তাঁকে কাজে না নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।

অভিনেত্রীর ভাষ্য, তাঁকে বয়কটের প্রচারণাও চালানো হচ্ছে। এতে কাজ না হওয়ায় একপর্যায়ে সরাসরি গিয়ে ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পরীমনি বলেন, ‘পরীমনি যেখানে যাবেন, আপনারা সেখানেই গিয়ে অরাজকতা শুরু করবেন। এটাই আপনাদের পরিকল্পনা।’

সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়ে প্রশ্ন

ভিডিওর শেষ অংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন পরীমনি। তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় দিয়ে যা ইচ্ছা করা যায় না। সাংবাদিকতা কী, তা বোঝার প্রয়োজন রয়েছে।

পরীমনির অভিযোগ, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে অরাজকতা ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিকতার সম্পর্ক কোথায়।

গুলশানের অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল এবং গাড়িতে হামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য ভিডিও বার্তায় দেননি পরীমনি। তাঁর বক্তব্যের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়াও এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!