আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:৪৩ এএম
হরমুজ প্রণালিতে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে নজরদারি মিশনে গিয়ে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক ড্রোন। এমকিউ-৪সি ট্রাইটন মডেলের এই ড্রোনটির মূল্য প্রায় ২৪ কোটি ডলার।

মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গত ৯ এপ্রিল নিয়মিত নজরদারি মিশনে থাকা অবস্থায় ড্রোনটি দুর্ঘটনার শিকার হয়।
এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম এবং ‘ডানাযুক্ত উপগ্রহ’ হিসেবেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে অন্যতম উন্নত ও ব্যয়বহুল একটি প্ল্যাটফর্ম। ড্রোনটি নির্মাণ করেছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান Northrop Grumman।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশন থেকে পরিচালিত হচ্ছিল। হরমুজ প্রণালিতে প্রায় তিন ঘণ্টার রুটিন নজরদারি শেষে ফেরার পথে এটি হঠাৎ জরুরি সংকেত পাঠাতে শুরু করে এবং এরপরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ওয়ার জোন’ জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। সেখান থেকে এটি হঠাৎ ১০ হাজার ফুটের বেশি নিচে নেমে যায় এবং এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ হিসেবে উল্লেখ করেছে। তবে ড্রোনটি শত্রুপক্ষের হামলায় ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটির সময়টি গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিনের মাথায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!