ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে।”
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন।
অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের কাছে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। সে সময়ও ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিল।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেন জয়সওয়াল। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
এর আগে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ভারত গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকতে চায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!