আন্তর্জাতিক

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু

আপডেট: এপ্রি ১৮, ২০২৬ : ০৫:০৪ এএম
ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে পাম্পিং শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পাম্পিং শুরুর পর প্রায় ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুরে পৌঁছাবে। সে হিসাবে শনিবার বিকেলের দিকে ডিজেল ডিপোতে এসে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে ডিজেলের কোনো ঘাটতি নেই। মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেঘনা পেট্রোলিয়ামের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে এবং তা বিতরণ করা হচ্ছে।

এর আগে গত ৭ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং করে দেশে আনা হয়। পাশাপাশি মার্চ ও এপ্রিলের শুরুতে আরও কয়েক দফায় মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে আমদানি করা হয়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ব্যয় সাশ্রয়ী ও সময়োপযোগী হওয়ায় সরবরাহ ব্যবস্থাপনা আরও স্থিতিশীল হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!