যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। একই সঙ্গে তিনি বলেছেন, হরমুজ–সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, ‘মাঠে’ নেওয়া হবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে না নেয়, তাহলে হরমুজ প্রণালি দীর্ঘদিন উন্মুক্ত রাখা হবে না। এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন। ঘালিবাফের বক্তব্যকে তারই পরোক্ষ জবাব হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।
এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেয় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচি এ তথ্য নিশ্চিত করেন।
তবে অবরোধ ইস্যুতে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। স্থায়ী সমাধানের লক্ষ্যে ইসলামাবাদে আলোচনাও হয়, তবে তাতে সমঝোতা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ আরোপ করে। ওই অবরোধ এখনো বহাল রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!