যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরান–এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরকে ‘সরকারি সফর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার রাতে সৈয়দ আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। সেখানে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘায়েই বলেন, আঞ্চলিক শান্তি পুনরুদ্ধার এবং চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই এবং ইরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমে জানানো হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফর করছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
ইসলামাবাদে পৌঁছে তিনি সেরেনা হোটেলে অবস্থান নেন এবং সেখানে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর আগে ১১ এপ্রিল ইসলামাবাদেই প্রথম দফা সংলাপে বসেছিল দুই দেশের প্রতিনিধিদল। তবে দীর্ঘ আলোচনার পরও সেই সংলাপ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা বৈঠক নিয়ে আলোচনা চললেও এরই মধ্যে পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফলে আঞ্চলিক কূটনীতিতে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!