আন্তর্জাতিক

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:৪৪ এএম
ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। শুক্রবার একটি ছোট প্রতিনিধি দল নিয়ে তিনি ইসলামাবাদে পৌঁছান।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সফরকে ঘিরে ইসলামাবাদে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ইসলামাবাদে পৌঁছে ইরানি প্রতিনিধি দল সোজা যায় সেরেনা হোটেল-এ। সেখানে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন আরাগচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান ও যুক্তরাষ্ট্র। এর পর ১১ এপ্রিল ইসলামাবাদের একই হোটেলে প্রথম দফা সংলাপে বসেছিল দুই দেশ।

সে সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

বর্তমান সফরে ইরানি প্রতিনিধি দলে ঘালিবাফ নেই। পশ্চিমা গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি চলছে ইসলামাবাদে। তবে সে আলোচনায় জে ডি ভ্যান্সও থাকছেন না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার বরাতে জানা গেছে, শেখ তামিম বিন হামাদ আল থানি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ওই আলোচনায় কাতারের আমির পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন।

সূত্র: রয়টার্স।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!