আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:৪৭ এএম
রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা বলেন, হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, এখনও পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন।” গানঝা বলেন, হামলায় আহত হয়েছেন অন্তত ২১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা এক্সকাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে কালো ব্যাগে মোড়ানো একটি মরদেহ উদ্ধার করছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশজুড়ে রাতভর রুশ হামলায় মোট চার জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, “এই ধরনের প্রতিটি হামলা আমাদের মিত্রদের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কঠোর পদক্ষেপ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!