আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তিন ধাপের প্রস্তাব দিল ইরান

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৫:৪৩ এএম
যুদ্ধ বন্ধে তিন ধাপের প্রস্তাব দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। একই সঙ্গে ইরান ও লেবাননে ভবিষ্যতে কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
দ্বিতীয় ধাপে, প্রথম পর্যায়ের শর্ত মানা হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হবে।
তৃতীয় ধাপে, পূর্ববর্তী দুই স্তরে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে প্রস্তাবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনার মধ্যে রয়েছে এবং এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা হবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে রাজি হবে না, যা দেশটির স্বার্থের পরিপন্থী বা ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ করে দেয়।
এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। প্রায় ২১ ঘণ্টার ওই আলোচনা ব্যর্থ হওয়ায় উভয় পক্ষ কোনো চুক্তি ছাড়াই ফিরে যায়।
প্রথম দফার সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ বিভিন্ন দেশ দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেয়। তবে সাম্প্রতিক সময়ে সরাসরি সংলাপের বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে ইরান।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই প্রস্তাব দুই পক্ষের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে একটি সম্ভাব্য পথ তৈরি করতে পারে, যদিও এর সফলতা অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!