জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা ২৩ মিনিট) এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
জেএমএ’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলীয় শহর সাপ্পোরোর প্রায় ২০০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত হতাহতের খবর নেই জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামির কোনো আশঙ্কাও নেই।
তবে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনির কারণে পার্বত্য এলাকায় ভূমিধস এবং বড় পাথর খসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা আগে একই অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় বলেও জানায় সংস্থাটি।
সতর্কতা জারি
জেএমএ এক বিবৃতিতে বলেছে, আপাতত সুনামির ঝুঁকি না থাকলেও আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
আগের ভূমিকম্পের প্রভাব
এর আগে গত সপ্তাহে হোক্কাইডোর আইওয়াত অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। সেই কম্পন রাজধানী টোকিওসহ দূরবর্তী এলাকাতেও অনুভূত হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৬ জন আহত হন।
ভূমিকম্পপ্রবণ দেশ জাপান
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের দেশটিতে বছরে গড়ে ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়। বিশ্বে সংঘটিত ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই ঘটে জাপানে।
সূত্র : এএফপি, এনডিটিভি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!