আন্তর্জাতিক

শুভেন্দুর শপথের দিনে পাল্টা কর্মসূচি মমতার

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:১৭ এএম
শুভেন্দুর শপথের দিনে পাল্টা কর্মসূচি মমতার

পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। একই সময়ে কালীঘাটে নিজ বাসভবনের চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালনের কর্মসূচি নিয়েছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে আয়োজিত এই রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই মমতার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা রয়েছে মমতার মন্ত্রিসভার সাবেক সদস্য ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়র। তৃণমূল সূত্র বলছে, অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ না হলেও রাজনৈতিকভাবে তা গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি স্থানে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি।

এদিকে তৃণমূলের কেন্দ্রীয় কমিটি থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের যেখানে সম্ভব রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষমতায় থাকাকালে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এ ধরনের কর্মসূচি পালন করত দলটি, এবার সে ধরনের পরিস্থিতি নেই বলেও নেতারা স্বীকার করছেন।

দলীয় সূত্র আরও জানায়, বর্তমানে তৃণমূলের অগ্রাধিকার হয়ে উঠেছে ‘আক্রান্ত’ কর্মীদের পাশে দাঁড়ানো। শনিবারের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বার্তা দেন কি না, সে দিকেও নজর থাকবে।

এর আগে কালীঘাটের বাসভবনে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মমতা। সেখানে জেলা নেতৃত্বকে ‘বিজেপির হামলার প্রতিবাদে’ মিছিলের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তৃণমূলের জেলা পর্যায়ের নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!