আন্তর্জাতিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ

আপডেট: মে ১০, ২০২৬ : ০৫:৪৬ এএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ৯ জন মন্ত্রিসভার সদস্যসহ শপথ নেন। এর মধ্য দিয়ে রাজ্যটিতে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠিত হলো।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। থালাপতি বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।

গত সপ্তাহে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে থালাপতির দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ঘাটতি পূরণে পরে আরও কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে তারা।

পরবর্তীতে ভারতীয় কংগ্রেসসহ আরও কয়েকটি দলের সমর্থন পেয়ে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছায় বলে জানানো হয়। এর ভিত্তিতে বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান।

এর আগে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। ওই সময় তিনি দাবি করেন, আরও দুটি দল তার জোটকে সমর্থন দিয়েছে। তবে রাজ্যপাল বিষয়টি যাচাই করে সমর্থনের চিঠিগুলোর সত্যতা নিশ্চিত করেন।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর রাজ্যপাল থালাপতি বিজয়কে শপথ গ্রহণের তারিখ নির্ধারণের প্রস্তাব দেন। পরে তিনি রোববার সকাল ১০টায় শপথ নেওয়ার সিদ্ধান্ত জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!