সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই নেতা বলেন, এ ধরনের কার্যক্রমে সবচেয়ে বেশি জড়িত রয়েছে পাকিস্তান, পাশাপাশি আরও কিছু দেশও এতে যুক্ত আছে।
নেতানিয়াহুর দাবি, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে বার্তা পাঠানো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জনগণের একটি বড় অংশ এখন আর ইসরায়েলকে সমর্থন করে না। তিনি বলেন, “বিভিন্ন বট ফার্ম ও ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর লক্ষ্য হলো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সহানুভূতি কমানো এবং দুই দেশের জোটে ফাটল ধরানো।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে আমেরিকান নাগরিকের পরিচয়ে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে, তারা আগে ইসরায়েলকে সমর্থন করলেও এখন তাদের কর্মকাণ্ডের কারণে অবস্থান বদলাচ্ছে।
নেতানিয়াহু দাবি করেন, এসব বার্তার উৎস খুঁজে দেখা হলে অনেক সময় তা পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে পরিচালিত বট নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে দেখা যায়।
এ ধরনের অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!