ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চরম অনিশ্চয়তায় পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, তেহরানের দেওয়া নতুন শর্তগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বর্তমান পরিস্থিতি যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে” নিয়ে গেছে।
শান্তি আলোচনার অংশ হিসেবে ইরান বেশ কিছু কঠোর দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান, মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতি।
তবে এসব দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি বলেন, “তেহরানের এই অবস্থান ৭ এপ্রিল থেকে শুরু হওয়া সাময়িক শান্তিকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে।”
এদিকে, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
পরিস্থিতির উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। ইরানকে চীনে অবৈধভাবে তেল রপ্তানিতে সহায়তা করছে—এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
অন্যদিকে, ইরান বলছে তাদের দাবি ন্যায্য এবং যেকোনো পরিস্থিতিতে তারা সামরিকভাবে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রও ইঙ্গিত দিয়েছে, সমঝোতা না হলে কঠোর অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
সূত্র : রয়টার্স
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!