আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ফেরত পাওয়ার শর্ত জানাল ঢাকার মার্কিন দূতাবাস

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৬:১৭ এএম
যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ফেরত পাওয়ার শর্ত জানাল ঢাকার মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় কোন শর্ত পূরণ করলে ভিসা বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৮ জুন) দেওয়া এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নির্ধারিত শর্ত পূরণ করলে ভিসা বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। এর আগে যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে কনসুলার কর্মকর্তা pay.gov–এর মাধ্যমে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। এরপর সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা প্রদান করা হবে।

এ ছাড়া নির্ধারিত কিছু নির্দিষ্ট প্রবেশপথ (পোর্ট অব এন্ট্রি) দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে বলেও জানানো হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফিরে এসে ভিসার সব শর্ত পূরণ করলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কর্মসংস্থানে না থাকা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা।

বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বি-১ ও বি-২ ভিসার জন্য এই বন্ড প্রযোজ্য হবে। এতে ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!