ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করেছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
ফোর্বসের তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তার সম্পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। এতে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সনকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনীর অবস্থান পুনরুদ্ধার করেন।
শুক্রবার (৫ জুন) একদিনেই আদানি গ্রুপের সহযোগী কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধির ফলে তার সম্পদ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বেড়ে যায়। এতে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৯ দশমিক ২ বিলিয়ন ডলার।
ফোর্বস জানায়, আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন এনার্জি ও আদানি এনার্জি সলিউশনসসহ গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি এই সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখে। এর মধ্যে আদানি গ্রিন এনার্জির শেয়ার ৬ দশমিক ৯ শতাংশ এবং আদানি এনার্জি সলিউশনসের শেয়ার ৩ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আদানি গ্রুপের প্রধান ছয়টি কোম্পানির সম্মিলিত বাজারমূল্য ছিল প্রায় ১৯১ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ খারিজ হওয়ার পর থেকেই গ্রুপটির বাজারমূল্যে ইতিবাচক প্রভাব পড়েছে। অভিযোগ অস্বীকার করে আসছিল প্রতিষ্ঠানটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!