আন্তর্জাতিক

ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু

আপডেট: জুন ০৯, ২০২৬ : ০৫:২৬ এএম
ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু

ইরান ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর একই পদক্ষেপের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েল।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের গোলাগুলি বন্ধ করা হয়েছে, কারণ তেহরানও ইসরায়েলে হামলা বন্ধ করেছে।

নেতানিয়াহু বলেন, “এই মুহূর্ত থেকে ইরানকে লক্ষ্য করে গোলাগুলি স্থগিত করা হলো। ইরান আমাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে তারা আবার হামলা করলে আমরা কঠোর জবাব দেব।”

তিনি আরও দাবি করেন, ইরান লেবাননকে সংঘাতে টেনে এনে নতুন সমীকরণ তৈরি করতে চেয়েছিল এবং হিজবুল্লাহকে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে ব্যবহার করছে।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং বর্তমান সরকার সেই অধিকার দৃঢ়ভাবে সমর্থন করে।

এর আগে গত কয়েক দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন আহত হন। জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করা হয়। তবে বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

পরে সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ইসরায়েল বিমান হামলা চালায় বলেও জানা যায়।

সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালায়। এর কিছু সময় পর ইরান হামলা বন্ধের ঘোষণা দেয়, যার কয়েক ঘণ্টা পর ইসরায়েলও একই ঘোষণা দিল।

সূত্র: সিএনএন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!