ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। আজ বুধবার (১০ জুন) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এ তথ্য জানায়।
আইআরজিসি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের জামে এলাকায় ড্রোনটি শনাক্ত করার পর তা লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এতে ড্রোনটি ভূপাতিত হয় বলে দাবি করা হয়েছে।
ভূপাতিত হওয়া এমকিউ-৯ ড্রোনটির দাম ৩০ মিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকারও বেশি। এমকিউ-৯ ড্রোনটি মূলত দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি ও নির্ভুল হামলার কাজে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। উন্নত প্রযুক্তির এই ড্রোন উচ্চমাত্রার লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে সক্ষম।
এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় উত্তেজনা বাড়ে। ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে উভয় পক্ষ হামলা বন্ধের ঘোষণা দিলেও নতুন করে উত্তেজনা তৈরি হলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড।
সূত্র: মেহের নিউজ
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!