আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ নিহত ১৩

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৬:১৯ এএম
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন।

আজ বুধবার (১০ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী ওই অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া অন্তত ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন বলেও তিনি জানান। এ ঘটনাকে তিনি “আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধ” বলে নিন্দা জানান।

তবে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে পাকিস্তান আফগান ভূখণ্ডে অভিযান চালানোর কথা স্বীকার করেছিল, যেখানে তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আফগানিস্তান অভিযোগ করে আসছে, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!