ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে দৌসা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুটি যানবাহনেই আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসের ওপরের তলায় থাকা কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। দুর্ঘটনায় আহত ২২ জনকে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়া কিংবা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়দের দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে আহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।
সূত্র: এনডিটিভি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!