আন্তর্জাতিক

ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেই পুনর্নিয়োগ

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৬:৩০ এএম
ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেই পুনর্নিয়োগ

ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে গোলাম হোসেন মোহসেনি এজেইকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রির মাধ্যমে তাঁকে আবারও এ দায়িত্ব দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার জারি করা ওই ডিক্রিতে মোজতবা খামেনি বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইয়ের দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

মোহসেনি এজেই এর আগে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত বিচারের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলা বিক্ষোভের সময় তিনি অভিযোগ করেছিলেন, বিক্ষোভকারীদের একটি অংশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত।

এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে রাজধানী তেহরানে শোক র‌্যালি শুরু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার সকাল থেকে শুরু হওয়া এ র‌্যালিতে লাখো মানুষ অংশ নিয়েছেন।

কর্মকর্তাদের দাবি, খামেনির জানাজা ও শোক কর্মসূচিতে দেশটির আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে র‌্যালি শুরু হয়। এর আগে দুই দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ শোকযাত্রা দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট ও আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের পাশের শহীদ লাশগরি মহাসড়ক পর্যন্ত যাবে। পুরো কর্মসূচি ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে।

এর আগে রোববার আয়াতুল্লাহ জাফর সোবহানীর ইমামতিতে আয়াতুল্লাহ আলী খামেনিসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সূত্র: আল জাজিরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!