ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এ ছাড়া হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সরকারের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন এবং সম্পূর্ণ ধসে পড়েছে অন্তত ১৯০টি স্থাপনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এখনো ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।
উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বিভিন্ন দেশ থেকে ৪ হাজার ৮৮ জন উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সরকার প্রায় ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে।
সরকারি হিসাবে, দুর্গত মানুষের মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ২৩ হাজার ৮২০ জনকে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এ পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা কমে আসছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!