হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার ঘটনাও নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ঘটনার জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। গত মাসে তেহরান-ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি অস্থায়ী সমঝোতার অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান। এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে হামলা ও পাল্টা পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে গড়ে ওঠা নাজুক বোঝাপড়া ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চালানের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।
তেল রপ্তানি ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসগুলোর একটি। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি বিশেষ করে চীনে তেল রপ্তানি অব্যাহত রেখে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা ও চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি করতে পারে।
সূত্র: রয়টার্স
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!