আন্তর্জাতিক

ইরানকে ‘চিরতরে নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৪:৩৫ এএম
ইরানকে ‘চিরতরে নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁকে গুপ্তহত্যার চেষ্টা করা হলে দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানো হবে। তাঁর দাবি, এমন পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে।

আজ শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি তাঁকে হত্যা করে বা এ ধরনের কোনো চেষ্টা চালায়, তাহলে দেশটির বিরুদ্ধে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্রাম্পের ভাষ্য, ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এর সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র যোগ করা হবে। তাঁর মতে, মার্কিন বাহিনী ইরানের যেকোনো স্থানে দ্রুত ও ব্যাপক হামলা চালাতে সক্ষম।

তিনি আরও বলেন, এই নির্দেশনা এক বছরের জন্য কার্যকর থাকবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ওয়াশিংটন যদি কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ায় বা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে আত্মরক্ষার জন্য ইরান সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

গালিবাফ বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ইরান কখনোই বিরতি দেয়নি। তাঁর দাবি, যুদ্ধের অবসান আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি ঘটবে না।

সূত্র: আল জাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!