আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৪:৫৯ এএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর দেশটির পরবর্তী সরকারপ্রধান হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নামই সবচেয়ে জোরালোভাবে আলোচনায় এসেছে। লেবার পার্টির সংসদ সদস্যদের বিপুল সমর্থন পাওয়ায় তাঁর প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির ৪০৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩২২ জনের সমর্থন ইতোমধ্যে পেয়েছেন বার্নহ্যাম। দলীয় নেতৃত্ব নিশ্চিত করতে তাঁর আর মাত্র একজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

নিজের প্রার্থিতা ঘোষণার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় বার্নহ্যাম বলেন, পরিস্থিতি এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। তিনি দলীয় আইনপ্রণেতাদের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান।

লেবার পার্টির নেতৃত্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। এরপর শুক্রবার নতুন দলীয় নেতা ঘোষণা করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০ জুলাই তাঁকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বার্নহ্যাম ৩২৩টি সমর্থন নিশ্চিত করতে পারলে অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করা সম্ভব হবে না। এদিকে কয়েকজন লেবার এমপি জানিয়েছেন, তাঁরা সংসদে ফিরে সোমবার বার্নহ্যামের পক্ষে সমর্থন দেবেন।

এর আগে সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেওয়ায় বার্নহ্যামের পথ আরও সহজ হয়েছে।

অ্যান্ডি বার্নহ্যাম বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণে তিনি লেবার পার্টির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন এবং স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

দলীয় নেতৃত্বের জন্য এর আগে ২০১০ ও ২০১৫ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বার্নহ্যাম। তবে সে দুইবার তিনি যথাক্রমে এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হন।

সূত্র: রয়টার্স

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!