আন্তর্জাতিক

অবকাঠামোতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৫:০১ এএম
অবকাঠামোতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

জাতীয় অবকাঠামোর ওপর হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না তেহরান।

শুক্রবার (১০ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জোলঘাদর বলেন, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। তাঁর ভাষ্য, এ ধরনের হামলার জন্য দায়ীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না এবং প্রয়োজনীয় জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে।

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর আগে, গত ১৭ জুন উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল, যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং স্থায়ী সমাধানের জন্য আলোচনার পথ তৈরি করা। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইরানের দাবি, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, কয়েকটি বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের অভিযোগ, রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানে ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!