আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৬:১২ এএম
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

মধ্যপ্রাচ্যে অবস্থিত দুটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ–৯ ড্রোন সংরক্ষণের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

পৃথক আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানায়, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সেখানে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

ইরান জানিয়েছে, কয়েকটি জাহাজ অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। গতিপথ পরিবর্তনের নির্দেশ উপেক্ষা করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আইআরজিসি বলেছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে তাদের অবস্থানও বহাল থাকবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ইরান হামলা শুরু করে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। হোয়াইট হাউসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!