আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ২০ শতাংশ টোলের ঘোষণা ট্রাম্পের

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৫:০৯ এএম
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ২০ শতাংশ টোলের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে এবং এই জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র পালন করবে।

ট্রাম্পের ভাষ্য, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা মেটাতে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে টোল আরোপ করা হবে। তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

একই পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করেছে। ফলে ইরানের কোনো জাহাজ বা তাদের গ্রাহকরা হরমুজ প্রণালি ব্যবহার করে যাতায়াত করতে পারবে না। তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত থাকবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বেড়েছে। গত ১৭ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও, ৫ জুলাই হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এর আগে ইরানও ঘোষণা দিয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় শুরু করবে। বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!