আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:২৯ এএম
যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য গুরুত্বপূর্ণ পথও লক্ষ্যবস্তু হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) আইআরজিসির একাধিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের ‘প্রতিশোধমূলক অভিযান’ অব্যাহত থাকবে এবং ওয়াশিংটন সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না।

সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে বিশ্বে তেল ও গ্যাস সরবরাহব্যবস্থা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্য জ্বালানি রপ্তানি পথও ঝুঁকির মুখে পড়তে পারে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানির পথ হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়তো কারও জন্যই থাকবে না।’ তবে সম্ভাব্য কোন কোন রুটকে লক্ষ্যবস্তু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ন্ত্রণে ইরানের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক এই নৌপথ এখনো উন্মুক্ত রয়েছে এবং সেখানে নৌযান চলাচল অব্যাহত আছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!