যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা থেকেও বিরত থাকবে তেহরান। নাম প্রকাশ না করার শর্তে ইরানের সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ও রোববার রাতে ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়নি ইরান। এর আগে টানা ১৩ দিন ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বড় ইস্যু হয়ে উঠেছে।
যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হয়। কারণ, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও জ্বালানি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
ইরান জানিয়েছে, তাদের জলসীমা ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজকে টোল দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই অবস্থানের বিরোধিতা করেছে।
দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। ওই হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) দায়ী করা হয়। এরপরই দুই দেশের মধ্যে টানা ১৩ দিনের হামলা–পাল্টা হামলার ঘটনা ঘটে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পর্কে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি দলের সদস্য মাইক ওয়াল্টজ বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই এই বিরতির সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে আরও কিছুটা সময় দিতে চান। সে কারণেই সামরিক অভিযানে সাময়িক বিরতি দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!