আন্তর্জাতিক

বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে: ছেলে হান্টার

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:৪৩ এএম
বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে: ছেলে হান্টার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রচারিত সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

হান্টার বলেন, ‘ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি তাঁর হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।’ বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এই রোগ বাইডেনের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং তাঁকে অনেক দিক থেকে দুর্বল করে দিচ্ছে। তবে অসুস্থতার মধ্যেও তিনি বাইরে যাচ্ছেন এবং নিজের কাজ করে যাচ্ছেন।

হান্টার বলেন, তাঁর বাবা এখনো যুক্তরাষ্ট্রকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তাঁর বিশ্বাস অটুট রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলার সময় সাক্ষাৎকারের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, ‘এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এ অবস্থায় দেখতে খুবই কষ্ট হয়।’

২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর বাইডেনের আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। তখন তাঁর শরীরের হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি দেওয়া হয়।

গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে’। ৮২ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি। তাঁর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাইডেন। তবে ওই বছরের জুনে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে তাঁর দুর্বল পারফরম্যান্সের পর ডেমোক্রেটিক পার্টির ভেতরে তাঁর প্রার্থিতা নিয়ে চাপ বাড়ে।

এরপর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। তাঁর স্থলাভিষিক্ত প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!