আন্তর্জাতিক

রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির প্রথম সরকারি সফর

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:৪৫ এএম
রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির প্রথম সরকারি সফর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো সরকারি সফরে সার্বিয়া গেছেন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সার্বিয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের পরও মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এমন প্রেক্ষাপটে জেলেনস্কির এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পৌঁছান জেলেনস্কি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ। পরে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সফরে সার্বিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নিরাপত্তা ইস্যুও আলোচনায় থাকবে।

সার্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে ভুচিচ ও জেলেনস্কির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকের পর দুই নেতা গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন।

ঐতিহাসিকভাবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। দেশটির এই অবস্থান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে এবং জোটটিতে সার্বিয়ার যোগদানের প্রক্রিয়াও ধীর হয়েছে। জেলেনস্কির সফরের আগে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, সফরের অন্যতম উদ্দেশ্য হলো সার্বিয়াকে রাশিয়ার প্রভাব থেকে দূরে সরিয়ে আনা।

তবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নাকচ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। বৃহস্পতিবার গণমাধ্যমকে ভুচিচ বলেন, জেলেনস্কি তাঁর অবস্থান ও চলমান যুদ্ধের সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজের মতামত জানাতে পারেন। তবে প্রায় সাড়ে চার বছর আগে সার্বিয়া এ বিষয়ে যে অবস্থান নিয়েছে, এরপর তা পরিবর্তন করেনি।

ভুচিচ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবস্থানই বহাল থাকবে।’ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশের একটি হিসেবে সার্বিয়া মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ফলে জেলেনস্কির বেলগ্রেড সফরকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি ইউরোপের ভূরাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!