আন্তর্জাতিক

ফ্রান্সে এক দিনে গ্রেপ্তার ২ হাজার ৩৯৭, আহত প্রায় ১ হাজার পুলিশ সদস্য

আপডেট: অক্টো ১৯, ২০২৬ : ০৬:১৪ এএম ৫ ০
ফ্রান্সে এক দিনে গ্রেপ্তার ২ হাজার ৩৯৭, আহত প্রায় ১ হাজার পুলিশ সদস্য

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গত এক মাসে প্রায় এক হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার দোকানপাট।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে দেশজুড়ে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ ও নিরাপত্তা সদস্যদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ঘিরে শনিবার বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে।

দেড় হাজার দোকান ক্ষতিগ্রস্ত

বিক্ষোভ ও লুটপাটে খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খুচরা ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার রোববার এলসিআই টেলিভিশনকে বলেন, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার দোকানের বেশির ভাগই লুটপাটের শিকার হয়েছে।

বোম্পারের ধারণা, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নির্ধারণের জন্য এখনো সময় প্রয়োজন বলে জানান তিনি।

সহিংসতার নিন্দা ম্যাক্রোঁর

দেশজুড়ে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, চলমান সহিংসতার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

ম্যাক্রোঁ বলেন, আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

শহর, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় মেয়রদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনার কথাও জানান ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সূত্র: ফ্রান্স ২৪ ও ফার্স্টপোস্ট

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!