ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।
সোমবারের ওই হামলার পর মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ নতুন তথ্য জানিয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা।
প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার জ্বালানি সম্পদসমৃদ্ধ শাবওয়া প্রদেশের একটি সামরিক শিবিরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। নিখোঁজদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নবীন সদস্য। হামলার সময় তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতিরা শাবওয়া প্রদেশ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হানে।
পরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, সৌদি আরবের এক কর্মকর্তার পরিচালনাধীন আল-আলাম শিবিরে অবস্থানরত সৌদি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
শাবওয়া প্রদেশে ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে। দেশটির সবচেয়ে বড় জ্বালানি স্থাপনা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালও এ প্রদেশে অবস্থিত।
প্রদেশটির এক সরকারি সামরিক সূত্র সোমবার জানিয়েছে, হামলার পর সেনাবাহিনী আশঙ্কা করছে, এর মাধ্যমে হুতিরা নতুন করে স্থল অভিযান চালানোর পথ তৈরি করতে পারে।
গত মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখা দখলের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি বিমান হামলায় আট জেলে নিহতের দাবি হুতিদের :
এদিকে, ইয়েমেনের তাইজ প্রদেশের উপকূলে সৌদি আরবের বিমান হামলায় আট জেলে নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে হুতিরা। হুতি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, ধুবাব জেলার আল-কাধা উপকূলে মাছ ধরার দু’টি নৌকায় সৌদি বিমান হামলায় ওই আট জেলে নিহত হন।
এলাকাটি ইয়েমেনের পশ্চিম উপকূলে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।
হুতিরা গত মাসে এই প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!