সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের পর এবার রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
আজ রোববার (৮ নভেম্বর) সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
এর প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদ লক্ষ্য করে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, সেগুলোও প্রতিহত করা হয়েছে।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
এর আগে গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই হামলার পরই সৌদি আরবকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।
জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি আরব ও হুথিদের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
এরপর থেকে সৌদি আরব নিয়মিত হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে তেলসমৃদ্ধ সৌদি আরবে হামলার মাত্রা বাড়িয়েছে হুথি গোষ্ঠী।
সূত্র: আলজাজিরা
No comments yet. Be the first to comment!