জাতীয়

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

আপডেট: এপ্রি ১৪, ২০২৬ : ০৬:৩৪ এএম
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

উৎসবমুখর পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত বৈশাখী শোভাযাত্রা শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

বরাবরের মতো এবারও শোভাযাত্রায় দেশীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুর প্রতিফলন দেখা গেছে। এর মধ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে।

চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসব প্ল্যাকার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক নানা ইস্যু। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন বিভিন্ন স্লোগান দেখা গেছে।

শোভাযাত্রাজুড়ে ছিল ঢোল, বাঁশি ও নানা বাদ্যযন্ত্রের সুর। ঐতিহ্যবাহী এই আয়োজন সঙ্গীত, রং ও লোকজ উপাদানের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে।

নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল থেকে রাত পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!