দেশের সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দান-এর মুক্তমঞ্চে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বৈশাখ উদযাপন পর্ষদ।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। একটি সুস্থ ও উন্নত সাংস্কৃতিক ধারা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে কিছু ক্ষেত্রে অসুস্থ সংস্কৃতির চর্চা দেখা যাচ্ছে, যা থেকে বেরিয়ে এসে বাঙালির ঐতিহ্য ও মূল্যবোধকে পুনরুজ্জীবিত করতে হবে।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সুস্থ ও সাবলীল ধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। আগামী বছর ভিন্নমাত্রার পহেলা বৈশাখ উদ্যাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে বেলুন উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
জানা গেছে, দ্বিতীয়বারের মতো রাজবাড়ীর ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একত্র হয়ে এ আয়োজন করেছে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নববর্ষের গান, কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য এবং আদিবাসী সংস্কৃতিবিষয়ক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব উদ্যাপন করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!