জাতীয়

পয়লা বৈশাখে বিভেদের স্থান নেই: তথ্যমন্ত্রী

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:০৪ এএম
পয়লা বৈশাখে বিভেদের স্থান নেই: তথ্যমন্ত্রী

পয়লা বৈশাখের উৎসব ধর্ম, বর্ণ বা কোনো ধরনের বিভেদ মানে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব—এটি আনন্দ, ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।

মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘পয়লা বৈশাখ উৎসবের জন্য, আনন্দের জন্য। এই আনন্দে কোনো ধর্ম বা বিভেদের জায়গা নেই। এটি সবার উৎসব, সবার অংশগ্রহণে উদযাপিত হয়।’
তিনি আরও বলেন, পয়লা বৈশাখ কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়; বরং এটি বাঙালির জীবনযাপন, সংস্কৃতি ও চেতনার অংশ। এ উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে পড়ে।
১৪৩৩ বঙ্গাব্দকে সম্ভাবনাময় বছর উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে সরকার আগামী দিনগুলোতে আরও জোরালোভাবে কাজ করবে। তিনি বাংলা সনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, হিজরি সন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সমন্বয়ে বাংলা সনের কাঠামো গড়ে ওঠে, যার মূল লক্ষ্য ছিল কৃষকদের অর্থনৈতিক কার্যক্রমকে সহজ করা।
বর্তমান সরকারের কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে উদযাপনে অংশ নিয়ে ‘কৃষক কার্ড’ বিতরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বক্তব্য দেন।
আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত এ অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে নববর্ষের চেতনায় উজ্জীবিত হন অংশগ্রহণকারীরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!