জাতীয়

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণের উদ্যোগ

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:০৬ এএম
বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণের উদ্যোগ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অধিভুক্ত শিল্প উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে।

মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শিল্পমন্ত্রী বলেন, সম্প্রতি বিসিক উদ্যোক্তাদের জন্য একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণসুবিধা চালু করা হয়েছে। এই তহবিল ধাপে ধাপে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বড় ব্যবসায়ীদের তুলনায় ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পরিশোধে বেশি দায়িত্বশীল। তাঁদের ঋণ পরিশোধের হার প্রায় শতভাগ। তাই এ খাতকে আরও শক্তিশালী করতে সরকার সুদহার কমিয়ে সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই বড় ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের অর্থনীতির বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে রয়েছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মোট অর্থনীতির প্রায় ৮৫ শতাংশই ইনফরমাল খাতের অন্তর্ভুক্ত। এই খাতের উদ্যোক্তারাই প্রকৃত অর্থে অর্থনীতির চালিকাশক্তি, কিন্তু তারা এখনও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে রয়ে গেছেন। তাঁদের মূলধারায় আনতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।
পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, এবারের বর্ষবরণ ছিল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ। অতীতে যেখানে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে হতো, এবার তেমন প্রয়োজন হয়নি। এতে দেশের মানুষের শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল মানসিকতার প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করছেন। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন উদ্যোক্তাদের পণ্য বিপণন ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!