জাতীয়

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল: চিফ হুইপ

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:২৮ এএম
গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল: চিফ হুইপ

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, কঠিন সময়ে একুশে টিভি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের বর্ষপূর্তির প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’। চিফ হুইপ বলেন, অতীতে এমন সময় গেছে, যখন দেশে বাক্‌স্বাধীনতা সীমিত ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর বক্তব্য প্রচারও বাধাগ্রস্ত হয়েছিল। সে সময় একুশে টিভি সাহসিকতার সঙ্গে তাঁর বক্তব্য প্রচার করে। এ কারণে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যানকে কারাবরণও করতে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের দায়িত্ব প্রসঙ্গে মো. নূরুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমের উচিত গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক সংবাদও তুলে ধরা। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধের খবর প্রচার পেলেও অনেক সময় সংশ্লিষ্ট খাতে ইতিবাচক অগ্রগতির সংবাদ গুরুত্ব পায় না।
তিনি আরও বলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নির্বাচনের পরপরই ‘কৃষক কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে, যা জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া একুশে টিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য রাখেন।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একুশে টিভির সাংবাদিক, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!